বন্ধু দিবসে প্রকাশিত শাকিব খান ও শবনম বুবলীর যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
এতে চয়নিকা বলেন, ‘শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগল।’
তিনি আরো লেখেন, ‘কিছু সম্পর্কের টান এমনই হয়- সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সব সময় একটাই ছিল- তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর।’
চয়নিকা বলেন, শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরো বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে। তার ভাষায়, ‘কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না- ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।’
এই নির্মাতা বলেন, ‘শুভকামনা তোমাদের জন্য…স্পেশালি আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহিনে।’
চয়নিকা মনে করছেন শাকিব-বুবলী এক হয়ে গেছেন।
এমনটাই জানিয়ে লিখেছেন, ‘এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে।’
চয়নিকার এমন পোস্টে আবেগে আপ্লুত হয়েছেন বুবলী। তিনিও চয়নিকার পোস্টে মন্তব্য করেছেন। কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সব সময় দোয়া ও ভালোবাসা।’