নতুন পত্রিকা আনছেন ‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডক

খবরে ‘হেডলেস বডি ইন টপলেস বার’— ধরনের চটকদার শিরোনাম দিয়ে দারুণ জনপ্রিয়তা পাওয়া ট্যাবলয়েড দ্য নিউইয়র্ক পোস্টের ধাঁচে খবর পড়তে চলেছে ক্যালিফোর্নিয়াবাসী। রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন প্রায় ১৫ বছর পর যুক্তরাষ্ট্রে তাদের সবচেয়ে বড় দৈনিক পত্রিকা চালু করার প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য এবার পশ্চিম উপকূল।

পত্রিকার নাম দেওয়া হয়েছে দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট, যার সদর দপ্তর হবে লস অ্যাঞ্জেলেসে। আগামী বছরের শুরুর দিকে পত্রিকাটির যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শন জিয়ানকোলা। তিনি নিউইয়র্ক পোস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। নতুন পত্রিকাটিও এ মিডিয়া গ্রুপের অন্তর্ভুক্ত হবে।

ক্যালিফোর্নিয়ার সংবাদ শিল্পের বিশ্লেষকদের মতে, নতুন এই ট্যাবলয়েডটি ডুবতে থাকা লস অ্যাঞ্জেলেস টাইমসের দুরবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের পাঠক এবং কর্মীর সংখ্যা উভয়ই দ্রুত কমছে।

শন জিয়ানকোলা এক সাক্ষাৎকারে বলেন, ক্যালিফোর্নিয়া পোস্ট সংবাদ উপস্থাপনে একটি পরিচিত মিশ্রণ নিয়ে আসবে। তারা একে ‘কমনসেন্স জার্নালিজম’ বলছেন।

পত্রিকায় থাকবে তারকাদের নিয়ে খবর ও বিনোদন সংবাদ, খেলাধুলা নিয়ে খবর। মোবাইল, ডেস্কটপ, অডিও, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তা প্রকাশিত হবে।

জিয়ানকোলা বলেন, ‘আমরা এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ৩০ লাখ মানুষের কাছে এবং ক্যালিফোর্নিয়ায় ৭০ লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তাই বলা যায়, সেখানে আমাদের এমন একটি পাঠক দল আছেন যারা আগে থেকেই আমাদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।’

এ বিষয়ে জানেন এমন একটি সূত্র বলেছে, নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান ইমেরিটাস রুপার্ট মারডক ক্যালিফোর্নিয়াকে একটি নতুন সম্ভাবনার বাজার হিসেবে দেখছেন এবং এ উদ্যোগে তার আশীর্বাদ জানিয়েছেন।ওই সূত্র আরও বলেন, ‘আপনি তো এই ব্যবসায় সেরাদের একজনের মতামত না নিয়ে কোনো পত্রিকা চালু করতে পারেন না।’

নিউইয়র্ক পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের মালিক নিউজ করপোরেশন যুক্তরাষ্ট্রে সর্বশেষ যে সংবাদমাধ্যমটি চালু করেছিল, তার নাম ছিল দ্য ডেইলি। সে সময়ে অ্যাপলের নতুন আইপ্যাড ট্যাবলেটের জন্য সেটি ছিল একটি ডিজিটাল সংবাদপত্র। দ্য ডেইলি চালু হয়েছিল ২০১১ সালে, পরের বছরই তা বন্ধ  হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্যালিফোর্নিয়া পোস্ট নিয়ে মন্তব্য জানাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের একজন মুখপাত্রকে অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি।