হাসপাতালের বেড থেকে উধাও রোগী, দুদিন পর অ্যাম্বুলেন্সের গ্যারেজে মিললো মরদেহ

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাত (৬৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের সীমানা প্রাচীর-সংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

অজ্ঞাত ওই নারী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ৪ আগস্ট সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মিরপুর হাসপাতাল নার্সিং ইনচার্জ জেসমিন আক্তার বলেন, গত ২ আগস্ট অজ্ঞাত কিছু যুবক রাত অনুমান সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মহিলাটিকে ভর্তি করে। এসময় তার নাম পরিচয় জানা যায়নি। পরবর্তীতে মহিলাটির কাছ থেকে আমরা জানতে পেরেছি তার নাম শাহানা। এছাড়া তিনি আর কোনো তথ্য দিতে পারেনি। পরদিন বেলা ১২টার দিকে মহিলাটিকে বেডে খুঁজে পাওয়া যায়নি। সেদিন খোঁজাখুঁজির পর হাসপাতালের সামনে ড্রেনে তাকে পড়ে তাকে পাওয়া যায়। এসময় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্টাফরা।

সবশেষ গত ৪ আগস্ট থেকে আবারও নিখোঁজ হন ওই রোগী এবং এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সীমানা প্রাচীরের পাশে অ্যাম্বুলেন্সে তার মরদেহ পাওয়া যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা বলেন, বুধবার সকালে মিরপুর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালের প্রাচীরের পাশে লাশের খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর থানায় জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এক থেকে দুই দিন আগে মহিলাটি মারা যেতে পারে। অতিবৃষ্টিতে হাসপাতালে জলাবদ্ধ পানির মধ্যে লাশটি থাকার কারণে তার শরীরের কিছু অংশ পচে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।