আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানাতে গিয়ে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ হওয়া এক প্রবীণ নেতার মৃত্যুতে শোক জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এক বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মারা যাওয়া রাজ‌নৈ‌তিক নেতা মো. শাহজাহান লস্কর (৭২) ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে মারা যান।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। রাতেই তার মরদেহ দেখতে ও শ্রদ্ধা জানাতে যান শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে বাসার সামনের রাস্তা থেকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আগে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাঁ‌কে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।