মাদারীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ চারজন সদস্য।

সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, কর্তৃপক্ষের নির্দেশনায় চার সদস্য বিশিষ্ট একটি টিম দুটি কলেজে অভিযান পরিচালনা করেছে। একটি হলো ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং আরেকটি হচ্ছে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম হয়েছে এবং শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি। এ বিষয়ে আমরা ওই শিক্ষা প্রতষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র তাদের কাছে চেয়েছি। তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছেন। 

তিনি আরও বলেন, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য আমরা হাতে পেয়েছি। এগুলোর রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। অধ্যক্ষ ও তার স্ত্রী ভারতে থাকেন। তারা বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছে সেটা পর্যালোচনা করছি। সেটা আইন এবং বিধি বহির্ভূত হলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবো।

শশীকর কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

এ বিষয়ে ডাসার সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, ওপর মহলের মৌখিক অনুমতির ভিত্তিতে তখন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।