মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রেললাইন অসাবধানতাবশত পারাপারের সময় রাজধানীর মগবাজারের এসডিসি এলাকায় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনগত রাতের দিকে ঢাকার কমলাপুরগামী একটি ট্রেন ধাক্কা দেয়। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৮ আগস্ট) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 

এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ আজ সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’