স্বামীকে ‘ছাপরি দোকানদার’ বলে কটাক্ষ, স্বরা ভাস্করের কড়া জবাব

মুখ খুললেই বিতর্ক জেনেও যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখতে দু’বার ভাবেন না বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। কখনও রাজনৈতিক মতামতের জন্য কটাক্ষের শিকার হয়েছেন। কখনও বা ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য তার দিকে ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। তবে পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি। আরও এক বার নিন্দুকদের মুখ বন্ধ করলেন অভিনেত্রী।

২০২৩ সালে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। বিয়ের পর থেকেই তাকে শুনতে হয়েছে নানা কুমন্তব্য। এ বার ফাহাদের চেহারা নিয়ে কটাক্ষ করেন নিন্দুকেরা।

স্বরা ভাস্কর ও তার স্বামী ফাহাদ আহমেদ। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্বরা ও ফাহাদ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘পতি-পত্নী অর পাঙ্গা’-তে যান। শোয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্বরা। আর সেখানে এক নেটিজেন ফাহাদের চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন এবং তাকে ‘ছাপরি দোকানদার’ বলে উল্লেখ করেন। 

সেই নেটিজেনের মন্তব্য ছিলো, ‘ডোংরি থেকে ছাপরি,  স্বরা স্বামীকে একটা রিয়ালিটি শোতে নিয়ে এসেছেন, স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।’

এই মন্তব্যে চুপ থাকতে পারেননি স্বরা। জবাবে লেখেন, ‘এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্নমানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।’

স্বরা আরও বলেন, ‘ডোংরি বা অন্য কোনো এলাকার রাস্তার দোকানদার হওয়া- এর মধ্যে খারাপ কিছু নেই। বুঝলেন তো, এটা কী ধরনের জাত্যাভিমানে ভরা আচরণ?’

স্বরার ভক্তরা তার এই জবাবকে প্রশংসা করেছেন, সাহসের প্রশংসাও জানিয়েছেন।