রাজধানী উত্তরার দক্ষিণখানে এক রাতেই জয়নাল মার্কেটে তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মার্কেটের দায়িত্বপ্রাপ্ত দুই নিরাপত্তাকর্মীর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টার মধ্যে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার জয়নাল টাওয়ারে এসব চুরির ঘটনা ঘটে।
ওই মার্কেটের সামনে ও পেছনে দুটি প্রবেশ গেট রয়েছে। ধারণা করা হচ্ছে, চোর চক্রটি পেছনের গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়েই পালিয়ে যায় বলে।
স্বর্ণালংকার চুরি হওয়া দোকানগুলো হলো বিসমিল্লাহ্ জুয়েলার্স, শিহাব জুয়েলার্স ও শফিক জুয়েলার্স। দোকান তিনটি মার্কেটের নিচতলায় পাশাপাশি অবস্থিত।
শফিক জুয়েলার্সের মালিক মো. ওমর ফারুক বলেন, ‘রাত ১০টার পর আমরা দোকান বন্ধ করে বাসায় চলে গেছি। পরে সকাল সাড়ে ৭টার দিকে আমাদেরকে মার্কেটের সেক্রেটারি ফোন দিয়ে বলেছেন, আপনারা তাড়াতাড়ি দোকানে আসেন। আপনাদের দোকানে চুরি হয়েছে। আমরা আইসা দেখি, আমাদের দোকানের লকার সব ভাঙা, কোনো মালামাল নাই।’
ওমর ফারুক আরও বলেন, ‘শাটারের তালা কেটে চোর চক্র স্বর্ণালংকার ও টাকাপয়সা সব নিয়ে গেছে। এর মধ্যে ৯০-৯৯ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রুপা ও ৫৭ হাজার টাকা ছিল।’
শিহাব জুয়েলার্সের কর্মচারী সাগর বলেন, ‘আমাদের দোকান থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫০০ ভরি রুপা এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, ‘জয়নাল মার্কেটে ব্রাইট সার্ভিস নামের একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমেই নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেছিলেন পলাতক কামাল। তার নাম, ঠিকানা ও আইডি কার্ডও ভুয়া। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’