নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে একটি আসবাপত্র তৈরির কারখানা ও গোডাউনসহ অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা হতে পারে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের হাজারো মানুষ আগুন নেভাতে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেনবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বাড়লে বেগমগঞ্জের চৌমুহনী ও জেলা শহর মাইজদী থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাহার উল্যা বলেন, এই আগুনে আসবাপত্র তৈরির কারখানা, মেশিনারিজ, থাই অ্যালুমিনিয়ামের পণ্যের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সেনবাগ স্টেশনের পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, আগুনে একটি আসবাপত্র কারখানা, গোডাউন ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার বয়লার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।