সিরাজগঞ্জে ডোবায় মিলল কৃষকের লাশ

সিরাজগঞ্জের কাজিপুরে একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

নিহত সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশে নির্জন একটি ধানক্ষেতের পাশে থাকা একটি ডোবায় মরদেহটি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের ভাই ও শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন। জানা যায়, সবুর মিয়া মাঝে মাঝে গ্রামের বাড়িতে এলেও নিজ বাড়িতে না থেকে প্রতিবেশীদের বাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া জানান, ভাইদের সঙ্গে সবুরের সম্পর্ক ভালো ছিল না। সে কারণে তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। সেখান থেকে মাঝে মাঝে জমি চাষ করতে নিজ গ্রামে আসতেন।

নিহতের স্ত্রী বলেন, জমিতে কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর ধানক্ষেতের পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরে ফোসকার দাগ এবং মুখমণ্ডলে ফুলে যাওয়ার চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও বিষয়টি সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।