বিশ্ব টেনিস র্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড় স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। বর্তমানে কোর্টে তার রাইভাল হিসেবে বিবেচনা করা হয় ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারকে, যে কি না গতকাল যুক্তরাষ্ট্রে চলমান সিনসিনাটি ওপেনে এবারের আসরে প্রথম ম্যাচ খেলেছেন। আর এই টুর্নামেন্টে আজ কোর্টে প্রথম ম্যাচ খেলতে নামবেন আলকারাজ। দুই জন এই পর্বে মুখোমুখি না হলেও প্রথম ম্যাচের আগে চিন্তার ভাঁজ আলকারাজের কপালে। কিন্তু কেন?
আজ নিজের প্রথম ম্যাচে আলকারাজের প্রতিপক্ষ বসনিয়ার অভিজ্ঞ খেলোয়াড় দামির জুমহুর। প্রথম রাউন্ডে ইতালিয়ান তরুণ ম্যাটিয়া বেলুচ্চিকে দুই টাইব্রেকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন জুমহুর। তবে এই ম্যাচে মাঠে নামার আগে থেকেই সতর্ক আলকারাজ। অবশ্য তার কারণও রয়েছে।
গত বছর এই টুর্নামেন্টেই অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছিলেন আলকারাজ। ফরাসি অভিজ্ঞ গায়েল মনফিসের কাছে হেরে কোর্টে র্যাকেট ভাঙা সেই হতাশার মুহূর্ত এখনো অনেকের মনে। সেই স্মৃতি এখনো মনে রয়েছে আলকারাজেরও। তাই এবারের প্রথম ম্যাচ থেকেই সতর্ক থাকতে চাইবেন ২২ বছর বয়সী এই তারকা, যিনি এরই মধ্যে পাঁচটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন এবং এই মৌসুমে অসাধারণ ফর্মে আছেন।
জুমহুরের বিপক্ষে এর আগেও ঘাম ঝরাতে হয়েছে আলকারাজকে। চলতি বছরের ফরাসি ওপেনে চার সেটের ম্যাচে চতুর্থ সেটে এক ব্রেক পিছিয়ে পড়ে বিপাকে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত লড়াইয়ের জেদে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন। কোর্টে জুমহুর অনিয়মিত অথচ কৌশলী খেলা আলকারাজের জন্য মাথা ব্যথারই কারণ।
এদিকে গেল মাসে উইম্বলডনের ফাইনালে হারের পর এই প্রথম অফিশিয়াল ম্যাচ খেলতে নামছেন আলকারাজ। সদ্য শেষ হওয়া কানাডিয়ান ওপেনে তিনি না খেললেও আসন্ন ইউএস ওপেনকে সামনে রেখে গত সপ্তাহ জুড়ে অনুশীলনে মনোযোগী ছিলেন তিনি। তার আগে নামছেন সিনসিনাটি ওপেনে। এই টুর্নামেন্টের এবারের কোর্ট কিছুটা ধীর গতির, যা তার খেলার জন্য ইতিবাচক বলে মনে করছেন। এই মৌসুমেই পাঁচটি শিরোপা জিতেছেন তিনি, যার মধ্যে রয়েছে পরপর দ্বিতীয় রোলাঁ গারোঁ শিরোপা। র্যাংকিংয়ে ইয়ানিক সিনারের পেছনে থাকলেও আগামী দুই টুর্নামেন্ট-সিনসিনাটি ওপেন ও ইউএস ওপেন-হতে পারে তাকে ফের শীর্ষে ফেরানোর সোনালি সুযোগ।