চীনের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক লিউ জিয়ানচাওকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তাকে দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
রোববার (১০ আগস্ট) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদন অনুযায়ী, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাও জুলাইয়ের শেষ দিকে বিদেশ থেকে ফিরে আসার পর তাকে আটক করা হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
৬১ বছর বয়সী লিউ এর আগে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সংস্থার নেতৃত্ব দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, লিউর বিরুদ্ধে এই তদন্ত ২০২৩ সালে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেওয়ার পর চীনের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ঘটনা। কিন গ্যাংয়ের বিরুদ্ধে তখন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল।
জুলাই মাসের শুরুতে লিউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে 'সংঘর্ষ ও দ্বন্দ্ব উসকে দেওয়ার' অভিযোগ আনেন। তিনি বলেন, চীনকে মোকাবেলায় মার্কিন মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান একটি উসকানিমূলক পদক্ষেপ।
লিউর সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল ২৯ জুলাই আলজেরিয়ায়। এর আগে তিনি আফ্রিকার কয়েকটি দেশ, সিঙ্গাপুরসহ বিভিন্ন স্থানে বৈঠক করেন।
তথ্যসূত্র: আরব নিউজ