দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭

বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নুরুল আমিন ও আবু নাঈম নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

রোববার (১০ আগস্ট) ভোর রাতে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশিকে নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬ নং রাজগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। আর আবু নাঈম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে।

গুরুতর আহত একরামুল হক ফেনীর দাগনভূঁয়া উপজেলার হুদরায়তপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি আশঙ্কাজনক অবস্থায় উইটব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে দুর্ঘটনায় আহত ঢাকা জেলার নবাবগঞ্জের বালুখন্ড ইউনিয়নের উৎপল মণ্ডলসহ মো. আলাউদ্দিন, আরমান হোসেন, মো. ইব্রাহিম, নুর হোসেন, মো. মাসুদ, ফরিদ হোসেন, নাসির উদ্দিন মানিক, আব্দুল করিমসহ ১৬ জন বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে আত্মীয়-স্বজন ও নিজ গন্তব্যে চলে গেছেন।

এই দুর্ঘটনা প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।