সমতায় শেষ নির্ধারিত ৯০ মিনিটের লড়াই। এতেই খেলা গড়ালো টাইব্রেকারে। সেখানে নায়ক হিসেবে আবির্ভূত হলেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। তার নৈপুণ্যে লিভারপুলকে চমকে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতলো ক্রিস্টাল প্যালেস।
ইংলিশ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর দিনে ছড়াল রোমাঞ্চ আর উত্তেজনা। রোববার (১০ আগস্ট) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জিতেছে প্যালেস। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। দুই দফা এগিয়ে যাওয়ার পরও শেষমেশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অল রেডদের।
টাইব্রেকারে দুঃস্বপ্নের মতো শুরু করে লিভারপুল। প্রথম শট নেওয়া মোহামেদ সালাহ বল উড়িয়ে মারেন। এরপর আরও বিপদ বাড়ে যখন দ্বিতীয় ও চতুর্থ শটে আলেক্সিস ম্যাক আলিস্তার ও হার্ভি এলিয়টকে ঠেকিয়ে দেন হেন্ডারসন।
লড়াইয়ে ফেরার চেষ্টা চালিয়ে যান প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের গোলরক্ষক অ্যালিসন। তিনি এবেরেচি এজে ও বোর্না সোসার শট রুখে দেন। কিন্তু শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে জয়ের আনন্দে মাতিয়ে তোলেন জাস্টিন ডেভেনি।
এর আগে ম্যাচের ৪ মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। ফ্লোরিয়ান ভার্টজের পাস থেকে অল রেডদের এগিয়ে দেন হুগো একিতিকে। ১৭ মিনিটে জ্যাঁ-ফিলিপ মাতেতা পেনাল্টি থেকে গোল করে প্যালেসকে সমতায় আনেন।
চার মিনিট পর ফের লিড নেয় লিভারপুল। দমিনিক সবোসলাইয়ের পাসে আরেক নতুন ফুটবলার জেরেমি ফ্রিমপং করেন লক্ষ্যভেদ। এরপর ম্যাচের ৭৭ মিনিটে ইসমাইলা সার প্যালেসকে আবার সমতায় ফেরান প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে।
শেষ পর্যন্ত শক্তি ও ঐতিহ্যের বিচারে অনেক অনেক পিছিয়ে থাকা প্যালেসই হয় বিজয়ী। কয়েক মাসের ব্যবধানে এফএ কাপের পর কমিউনিটি শিল্ডও ঘরে তোলে তারা।