ফিলিপাইনের টহল নৌযানকে তাড়া করল চীনা যুদ্ধজাহাজ, এক পর্যায়ে সংঘর্ষ

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি টহল নৌযানকে ধাওয়া করেছে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ। তাড়া করার এক পর্যায়ে চীনা জাহাজটির সঙ্গে তাদের নৌবাহিনীরই আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) ফিলিপাইনের কর্তৃপক্ষ সংঘর্ষের নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চীনের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের সঙ্গে পিএলএ'র একটি জাহাজের সংঘর্ষ হয়েছে।

বাহিনীর মুখপাত্র কমোডোর জে তারিয়েলা এক বিবৃতিতে বলেন, ফিলিপাইনের উপকূলরক্ষীরা যখন ত্রাণ বিতরণ করছিল, তখন বিতর্কিত 'স্কারবোরো শোল'-এর কাছে এই ঘটনাটি ঘটে।

তিনি বলেন, চীনা কোস্টগার্ডের জাহাজটি ফিলিপিনো কোস্টগার্ডের জাহাজ 'BRP সুলুয়ান'কে দ্রুত গতিতে ধাওয়া করছিল। জাহাজের স্টারবোর্ড কোয়ার্টার থেকে একটি ঝুঁকিপূর্ণ কৌশল নেওয়া হয়, যার ফলে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে ধাক্কা লাগে।

তার মতে, এর ফলে চীনের কোস্টগার্ডের জাহাজের ফোরকাসলের যথেষ্ট ক্ষতি হয়, যার ফলে এটি সমুদ্রে নামার অনুপযোগী হয়ে পড়েছে।

এএফপি জানিয়েছে, ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি সর্বশেষ। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের ৬০ শতাংশেরও বেশি রপ্তানি হওয়া এই সমুদ্রসীমা বেইজিং প্রায় সম্পূর্ণরূপে দাবি করে আসছে।