মাদারীপুরের রাজৈর থানা চত্বর থেকে পালানো মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইনকে (৩২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পালানোর পর দিবাগত রাত ১২টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রামে তার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার রাতে উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষ ওরফে ঘনি গাইনসহ চারজনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর সোমবার দুপুরে আদালতে প্রেরণের জন্য গাড়িতে তোলার সময় অনিমেষ হাতকড়া খুলে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। পুলিশ জানায়, অনিমেষ কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অপূর্ব গাইনের ভাই এবং তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র এএসপি সালাউদ্দিন কাদের বলেন, পালানোর পর থেকেই আমাদের টিম গোপালগঞ্জ, ফরিদপুর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে