জনগণের দুঃখ-দুর্দশা দেখে প্রধানমন্ত্রীর মন কাঁদছে : নাসিম

খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মো. নাসিম এমপি বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা দেখে জননেত্রী ও মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন কাঁদছে। তিনি দেশের বাহিরে থেকেও দলের সকল নেতা-কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

চৌদ্দ দলের সমন্বয়ক মো. নাসিম বলেন, অতীতে যেভাবে দুর্যোগ মোকাবেলায় সরকার সক্ষমতার পরিচয় দিয়েছে। এবারও সরকার ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে এই দুর্যোগের মোকাবেলা করবে। এ জন্য সবাইকে ধৈর্য্য সহকারে সরকারের পাশে থাকতে হবে।  

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের বন্যায় দুর্গতদের জন্য সরকার সবধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রভাষক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পদক নাছিরুল আলম স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। পরে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

ইত্তেফাক/কেআই