নিখোঁজের ১২ দিন পর বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেত থেকে রবিউল আউয়াল (৫৪) নামে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পশ্চিম চকেরহান্দার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আউয়াল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে। 

জানা যায়, বাক প্রতিবন্ধী হওয়ার কারণে বিয়ে-শাদী করেননি রবিউল। বড়ভাই জিলানীর বাসায় থেকে কৃষিকাজ এবং দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। গত ১ আগস্ট সন্ধ্যায় বাসায় না ফিরলে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। দীর্ঘ সময় পরও সন্ধান না পাওয়ায় স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকের দ্বারস্থ হয় তারা।  

এদিকে মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে স্থানীয় এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান। মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে দশ থেকে বারো দিন আগে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিখোঁজ রবিউল আউয়ালের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জামাকাপড় থেকে মরদেহটি রবিউলের বলে নিশ্চিত করেন। 

রবিউল আউয়ালের বড় ভাই জিলানি বলেন, লাশটি যেখানে পাওয়া গেছে সেখানে হাঁটু পরিমাণ পানি। এখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাক প্রতিবন্ধী ছিলো, তার অন্য কোনো সমস্যা ছিল না। তার সাথে সবসময় বিশ থেকে ত্রিশ হাজার টাকা টাকা থাকতো। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি। 

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।