‘চাঁদপুরে ১৬ বছরেও সংস্কার হয়নি ৩ কিলোমিটার সড়ক’ এই শিরোনামে দৈনিক ইত্তেফাকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট বেইলি ব্রিজ থেকে উভারামপুর গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এতে জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে এলজিইডি'র কর্মকর্তাদের। যার ফলে দীর্ঘ দিনের বেহাল পরিস্থিতি পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাহী প্রকৌশলী ওই সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় ওই এলাকার বাসিন্দা ইসমাইল তালুকদার খোকন এবং ভুক্তভোগী লোকজন তাদের সড়কটি সংস্কার না হওয়ার কারণে দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন।
এক যুগের অধিক সময় এই সড়কটি কিভাবে সংস্কার ছাড়া ছিল এবং জেলা কার্যালয়ের নজরে বাহিরে ছিল বিষয়টি জেনে নির্বাহী কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান কবির দৈনিক ইত্তেফাককে বলেন, আমি রাস্তাটি নিজে পরিদর্শন করে দেখলাম খুবই খারাপ অবস্থায় আছে। এই সংস্কারের জন্য আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এই অর্থবছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটি সংস্কার করার চেষ্টা করবো।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ইতোমধ্যে এই সড়কটির যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা একটি প্রাক্কলন তৈরি করে পাঠিয়েছি। নিয়মানুসারে বাকি কাজ সম্পন্ন হলে কুমিল্লা জোনাল অফিসে পাঠানো হবে। এরপর অনুমোদন হলে কাজ শুরু হবে।
জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে সড়কটির নির্মাণকাজ হয়েছিল। এরপর আর কোনো ধরনের সংস্কার হয়নি। এই সড়কের পাশে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একাধিক কওমি ও হাফিজিয়া মাদ্রাসা, একটি মাজার শরীফ এবং মুন্সিরহাট বাজার। ফরিদগঞ্জ উপজেলা সদর ও চাঁদপুর জেলা সদরে যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কাইতাড়া, উভারামপুর, সমেশপুর, বাশারা ও সুরঙ্গচাল গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন।