চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, বিজিবির হাতে আটক ১৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশ-ইন করা হয়।

বিজিবি সূত্রে জানা গিয়েছে, চামুচা সীমান্ত দিয়ে পুশইন হওয়ার খবর পেয়ে চাঁনশিকারী বিওপি’র একটি টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করে।

আটককৃতদের বাড়ি দেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। সেখানে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় তাদের, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোর ৫টার দিকে চামুচা সীমান্ত দিয়ে পুশইন হওয়ার খবর পেয়ে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি।