আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকরা। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। পরে শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এসময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রæপ কর্তৃপক্ষ। কারখানা খোলার পর বেতন পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ না করে  বৃহস্পতিবার আবারও ৪ দিনের সাধারণ ছুটির নোটিশ টানিয়ে দেয়। শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে ১৮ আগস্ট সোমবার পর্যন্ত কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বর্ধিত করা হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ যথারীতি খোলা থাকবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা শুধুমাত্র বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।