‘আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে’

রাজশাহীর পবা উপজেলায় ঋণের চাপ ও অভাব-অনটনের কারণে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনশিকড় উত্তরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিনারুল ইসলামে (৩৮), তার স্ত্রী মনিরা খাতুন (৩২), ছেলে মো. মাহিম (১১) ও ১৮ মাস বয়সী শিশু মিথিলা।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল ‘ঋণের দায়ে এবং খাবারের অভাবে’ তিনি এমন ভয়াবহ কাজ করতে বাধ্য হয়েছেন। তবে চিরকুটটি কার লেখা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজীউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনারুল ইসলাম প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।