রাজশাহীর তানোরে একটি শ্যালো মেশিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোমিনুল ইসলাম (৩১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ট্রলির চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরশহরের বুড়াবুড়ি তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মোমিনুল চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিপুর বাংবান্ধা এলাকার মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
আরও পড়ুন : ঠাঁই নেই হাসপাতালে ৮০ ভাগই ডেঙ্গু রোগী
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, বিকেলে পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শেষে ট্রলি যোগে একদল শ্রমিক উপজেলার কাউন্সিল মোড়ে যাচ্ছিলো। পথে রাজশাহী-তানোর-আমনুরা সড়কের বুড়াবুড়ি তলা এলাকায় পৌঁছলে চালক ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রলিটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোমিনুল মারা যান। আর চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/কেআই