শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে ছাত্রলীগের স্লোগান, আটক ৬

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে ফরিদপুরের অন্তত তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসময় স্লোগান দেয় তারা। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এই কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় আটকরা হলেন- কাউসার ফকির (২৮), মামুন খান (২৬) ,আবদুল মান্নান বেপারী (২৩) ও মুন্না খান (২৫)। বিলাসপুর থেকে আটক ব্যক্তিরা হলেন শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)। সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়। পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে, অন্যরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রলীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’–এ মৃত্যুবার্ষিকী পালনের ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মাস্ক পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া ও প্রার্থনা করছেন। তারা বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, ২০২৪ সালের ১৫ আগস্ট জাজিরায় সর্বশেষ প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি পালিত হয়। এরপর থেকে রাতের আঁধারে বিভিন্ন স্থানে মশালমিছিল, পোস্টার টাঙানো ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকাণ্ড ঘটানো হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু লোক মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছেন। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।