ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না।
পরিবার সূত্রে জানা গেছে, আগুনে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক সংগ্রামের স্মারক ও ঐতিহাসিক ডকুমেন্টসসহ আসবাবপত্র, গৃহস্থালি জিনিসপত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা। বিএনপির ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। দায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রয়াত নাজমুল হকের বড় ছেলে ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, এটি কেবল অগ্নিকাণ্ড নয়, এটি আমাদের পারিবারিক ইতিহাস ও রাজনৈতিক উত্তরাধিকার ধ্বংসের চেষ্টা।
ছোট ছেলে নাদিমুল হক বলেন, আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের মূল্যবান দলিল। এটি বিএনপির অস্তিত্বে আঘাত।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক এ ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। তিনি দ্রুত তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।