ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জার্মানির

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সরকারকে নতুন বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মান সরকার।

ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, পশ্চিম তীরের জেরুজালেমে ৩ হাজার ৪০১টি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, 'পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে হাজার হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদনের ঘোষণা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।'

ইসরায়েলি মন্ত্রীর পরিকল্পিত এই 'সম্প্রসারণ প্রকল্প' পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন করে দেবে। স্মোটরিচের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে কবর দেওয়া হবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, 'এই ধরনের পদক্ষেপ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা সৃষ্টি করছে। এটি পশ্চিম তীর থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।