অস্ট্রেলিয়া থেকে আসা জাহাজে মিলল পচা-দুর্গন্ধযুক্ত গম, খালাস বন্ধ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি কিরান নামের একটি জাহাজে করে অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণ গম এসেছে। এসব খালাসের সময় চা ও দুর্গন্ধযুক্ত গম দেখতে পেলে খালাস বন্ধ করে দেন লাইটার জাহাজের শ্রমিকরা। বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে বন্দরের বহির্নোঙরে এই ঘটনা ঘটে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বিডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক মেজর (অবসরপ্রাপ্ত) জি এম খান জানান, মাল্টার পতাকাবাহী জাহাজটিতে করে অস্ট্রেলিয়া থেকে গত ১৭ জুলাই প্রায় ৫৫ হাজার টন গম আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ।

জানা যায়, সম্প্রতি এসব গম বহির্নোঙর থেকে খালাস শুরু হয়। বুধবার রাতে শ্রমিকেরা পচা ও দুর্গন্ধযুক্ত গম দেখতে পেয়ে খালাস প্রক্রিয়া বন্ধ করে দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। গমগুলো সরিয়ে রাখা হয়েছে বলেও জানান জি এম খান।

নষ্ট গমের পরিমাণ ১৫ থেকে ২০ টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান প্যাসিফিক ওসান লাইনের কর্মকর্তা মো. কাউসার জানান, পচা গমের পরিমাণ খুবই কম এবং সেটি কয়েক বস্তা হতে পারে। পচা গম আলাদা রেখে বাকি কয়েক টন গম বৈরী আবহাওয়ার কারণে খালাসের অপেক্ষায় আছে।