ব্রাহ্মণবাড়িয়ায় সেবা দিতে দেরি, নার্সকে মারধর করে মাথা ফাটাল রোগীর স্বজনরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে বিলম্বের অভিযোগে এক নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন রোগীর স্বজনরা। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে।

আহত নার্সের নাম সেলিনা সুলতানা। তাকে চিকিৎসা দিয়ে মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা জরিনা বেগম নামের এক নারী শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার দুপুরে দায়িত্বে থাকা নার্স সেলিনা এক রোগীকে সেবা দানের পর জরিনাকে ইঞ্জেকশন দিতে গেলে সেবা পেতে দেরি হচ্ছে—এমন অভিযোগ তুলে রোগী ও তার ছেলে রায়হান (২৪) তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

একপর্যায়ে রায়হান ও অন্যান্য স্বজনরা নার্স সেলিনার ওপর হামলা চালান এবং মারধর করে তার মাথা ফাটিয়ে দেন। এ সময় হাসপাতালের প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্রও ভাঙচুর করেন তারা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, ‘দায়িত্বরত নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পরই জরিনাকে ইঞ্জেকশন দেওয়ার কথা বলেছিলেন। এতেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। নার্স সেলিনার মাথায় সেলাই দিতে হয়েছে।’

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ‘হাসপাতালের আরএমও বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে রোগী জরিনা ও তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।