বর্তমান প্রজন্ম এখন ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন এক ট্রেন্ডে মেতেছে। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে একধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুকের নাম দিয়েছে তারা ‘টায়ার্ড গার্ল’, আর এই অভিনব সাজ এখন টিকটকে খুবই জনপ্রিয়।
সাজসজ্জায় বা মেকআপের মাধ্যমে যতটা সম্ভব চেহারায় ক্লান্তির ছাপ লুকানোর চেষ্টা করা হয়েছে বহু বছর ধরেই। কনসিলার, আই ক্রিম ও কারেক্টর স্টিকের মতো প্রসাধনী মূলত আমাদের সতেজ দেখানোর জন্যই তৈরি। ঐতিহাসিকভাবে ক্লান্ত চেহারা মানে ধরা হয়েছে অসুস্থতা ও বার্ধক্যের প্রতীক হিসেবে। তবে টায়ার্ড গার্ল বিউটি ট্রেন্ড সেই ধারণার ঠিক উল্টো—এটি সেই ত্রুটিগুলোকেই আলিঙ্গন করে, যেগুলো আমরা এত দিন লুকিয়ে রাখার চেষ্টা করেছি।
এই নতুন ট্রেন্ডের সূচনা করেন জনপ্রিয় অভিনেত্রী জেনা ওর্তেগা। নেটফ্লিক্সের জনপ্রিয় ‘ওয়েডনেসডে’ সিরিজে অ্যাডামস পরিবারের মেয়ের অভিনয়ে এ ধরনের মেকআপ করেন তিনি।
নতুন মৌসুমের প্রিমিয়ারে লন্ডনের রেড কার্পেটেও তিনি এই সাজ বজায় রাখেন—হালকা স্মাজড আইশ্যাডো, ফ্যাকাশে গাল আর প্রাকৃতিকভাবে চোখের নিচে কালো দাগ।
ট্রেন্ডটি মূলত জেনারেশন জেডদের মধ্যে ছড়িয়ে পড়লেও আগের প্রজন্মের দর্শকদের জন্য এটি নতুন কিছু নয়। অনেকেই স্মরণ করবেন বিখ্যাত সিনেমা ‘গার্ল, ইনটারাপটেড’-এ অ্যাঞ্জেলিনা জোলির সাজকে অথবা ‘লিওন: দ্য প্রোফেশনাল’-এ নাটালি পোর্টম্যানকে। তাদের সেই সময়ের মেকআপ স্টাইলের সঙ্গে এই নতুন ট্রেন্ডের বেশ মিল রয়েছে।
বর্তমানে এই মেকআপ লুক অনুসরণ করছেন—জনি ডেপের মেয়ে লিলি রোজ ডেপ, মডেল ও সংগীতশিল্পী গ্যাব্রিয়েট, ইনফ্লুয়েন্সার এমা চেম্বারলেইন, ড্যানিয়েল মারকান এবং লারা ভায়োলেটা। টিকটকে এখন ‘#tiredgirlmakeup’ নামে হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে।