পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে-ফেসবুকে এমন গুজব পোস্ট করায় মোঃ নাজমুল হোসেন ওরফে বাবু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে মর্মে এক ব্যক্তি নড়াইল সদর থানাধীন মহিষখোলা এলাকায় অপপ্রচার চালাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় জেল গেটের সামনে থেকে মোঃ নাজমুল হোসেনকে তার স্যামসং মোবাইল ফোনসহ আটক করা হয়। মোঃ নাজমুল হোসেন ওরফে বাবু সদর পৌরসভাধীন মহিষখোলা গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: ছেলেধরা গুজবরোধে ভুঞাপুরে পুলিশের লিফলেট বিতরণ
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আইন শৃংখলা অবনতি ঘটানোর উদ্দেশে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচার করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য মোঃ নাজমুল হোসেন ওরফে বাবুর এ লেখা কাজী হাসানুজ্জামান মিন্টুর আইডি থেকে পাওয়া যায় বলে তার বিরুদ্ধেও একই আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম