নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান শরিফুল ইসলাম (৩০)। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। একপর্যায় শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের বাবা প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মারা যান।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।