বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ভর্তি হওয়া রোগীদের ১৪ জনের বাড়ি বগুড়া। বাকি ১৪ জন জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং নওগাঁর বাসিন্দা
ডাক্তার আরিফুর রহমান জানান, গত তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। রোগীদের অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন। চিকিৎসকরা জানান, বর্তমানে যারা ভর্তি রয়েছেন তারা ডেঙ্গুর প্রথম স্তরের (স্টেজ-১) রোগী। তাই আতঙ্কের কিছু নেই। চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠবেন।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী শ্রাবণী রাণী, রেদওয়ান হোসেন জানান, কোচিংয়ের জন্য ঢাকায় গিয়েছিলেন। হঠাৎ ক’দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরীক্ষার জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত। পরে ২৫ জুলাই রাতে হাসপাতালে ভর্তি হন।
বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মমতাজুর রহমান জানান, গত বছর তিনজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এবার প্রতিটি ইউনিটে ৭ থেকে ৮জন করে রোগী ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: যমুনার পানি বাড়ছে, আবারও বন্যার আশংকা
হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুরজিৎ সরকার তিতাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানে হাসপাতালে সকল প্রস্তুতি নেওয়া আছে। রোগ শনাক্তকরণের পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে হাসপাতালেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আশঙ্কাজনক একজন রোগীকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্য রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ইত্তেফাক/অনি