টানা ১৭ দিন বন্ধ থাকার পর বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে, গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রুমা সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবান-রুমা সড়কে যাত্রিবাহী বাস চলাচল করতে পারছে। যে জায়গাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী ছিল তার পাশ দিয়ে সাময়িক বাইপাস সড়ক করে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে ওইসব সড়ক দিয়ে যাতায়াতের জন্য তিন টনের অধিক কোন যানবাহন উপযোগী নয়।
আরও পড়ুন: বেগম জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের
তিনি আরও জানান, সড়কগুলো সবধরনের যানবাহন চলাচলের উপযোগী করার জন্য আনুমানিক আরও তিনমাস সময় লাগবে। ভারী বর্ষণ ও বন্যায় বান্দরবানের সাত উপজেলার প্রায় ২৫ কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি বলেও জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচডি