নিশাচোরায় সেনা অভিযান: মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ সাকিল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ ও সরসপুর এলাকায় এই অভিযান চালানো হয়। আটক সাকিল নিশাচোরা গ্রামের বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে।

উপজেলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা হাসনাবাদ ইউনিয়নের নিশাচোরা এলাকা থেকে মাদক কারবারি সাকিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, একটি বেসবল ব্যাট, তিনটি রামদা এবং নগদ ২৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা সরসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় আরিফ শিকদারের দোকানে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দোকানদার আরিফ শিকদার ও কিশোর গ্যাংয়ের সদস্য সাইফুল ইসলাম তুফান পালিয়ে যায়।

অভিযানকালে দোকান থেকে স্থানীয়দের সহায়তায় ৭টি চাইনিজ কুড়াল ও ২টি রামদা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক আসামি, উদ্ধারকৃত ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দাস বলেন, ঘটনার পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।