পাগলা কুকুরের আক্রমণে আহত ১৩, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ ১৩ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে ‘হোটেল ঠিকানা’ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে , হোটেলটির সামনে লক্ষী রানী নামে এক নারীর ওপর আক্রমণ করে তার এক হাত রক্তাক্ত জখম করে। তার চিৎকারে হোটেল কর্মচারী বেলাল হোসেন এগিয়ে গেলে তাকেও কামড় দেয় কুকুরটি। এরপর  এলোপাথাড়ি সবাইকে কামড়াতে চেষ্টা করে। এভাবে একে একে ১৩ জন আহত হন। মুহূর্তেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দলবদ্ধভাবে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, হঠাৎ কুকুরটি সবাইকে আক্রমণ করতে শুরু করে। পরে সবাই মিলে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, আহতদের অ্যান্টিরেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহতরা সবাই সুস্থ আছে।