জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) একই সময়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী কেবলমাত্র প্রার্থীক মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাকসু নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য সাতটি নির্দেশনা প্রকাশ করেছে। নির্দেশনাগুলো হলো-
১. একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ - একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
২. প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর বাধ্যতামূলক - প্রতিটি মনোনয়নপত্রে একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম, শিক্ষাবর্ষ, বিভাগ উল্লেখসহ স্বাক্ষর থাকতে হবে।
৩. একই ব্যক্তি একাধিক প্রার্থীর প্রস্তাবক/সমর্থক হতে পারবেন না - কার্যকরী সদস্য পদ ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কেবলমাত্র একজন প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ছয়জনকে (তিনজন নারী ও তিনজন পুরুষ) সমর্থন করা যাবে।
৪. পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক মনোনয়নপত্র গ্রহণের সময় প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড/ছবিযুক্ত লাইব্রেরি কার্ড/ইনডেক্স কার্ড প্রদর্শন করে পরিচয় নিশ্চিত করতে হবে।
৫. বকেয়া পরিশোধ করতে হবে প্রার্থীকে বিশ্ববিদ্যালয় ও হলের যাবতীয় বকেয়া পরিশোধের প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।
৬. সদ্যতোলা ছবি জমা দিতে হবে- মনোনয়নপত্রের সাথে সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে (দুই মাসের বেশি পুরনো ছবি গ্রহণযোগ্য নয়)।
৭. রেজিস্টার খাতা সংরক্ষণ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের ক্ষেত্রে প্রতিটি হলে পৃথক রেজিস্টার খাতা সংরক্ষণ করতে হবে।