ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সতীর্থদের মানববন্ধন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা কলেজ এইচএসসি '৯৭ ব্যাচের সতীর্থরা এ কর্মসূচি পালন করেন। 

কর্মসূচিতে অংশ নিয়ে সতীর্থরা বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। হয়রানি করার উদ্দেশ্যেই এসব করা হয়েছে। তারা বলেন, গত মে মাসে ব্যারিস্টার সুমন শাহবাগ থানায় একটি জিডি করেছেন। ওই জিডিতে তিনি উল্লেখ করেন যে, তিনি দুইটি ফেসবুক পেজ ব্যবহার করেন। এর বাইরে আর কোনো আইডি বা ফেসবুক পেজ নেই। একটি দুষ্টচক্র তার নামে বিভিন্ন আইডি ও ফেসবুক পেজ খুলে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে যা ডিজিটাল আইনের পরিপন্থী। 

সতীর্থরা বলেন, ওই দুষ্টুচক্রটি ওই আইডি থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে বিরূপ মন্তব্য করে সুমনকে বিপাকে ফেলেছেন। যার সঙ্গে সুমন কোনোভাবেই জড়িত নন। যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। তাহলে প্রকৃত সত্য উন্মোচিত হবে। 

আরও পড়ুন:  ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে’

সুমনের সতীর্থরা আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে সুমনকে থামিয়ে রাখা যাবে না। দেশ ও সমাজের প্রতি সুমনের দায়বদ্ধতা অটুট থাকবে। তার এই ধরনের কাজে সতীর্থরা সবসময় সঙ্গে থাকবে বলে ঘোষণা দেয়া হয়। 

কর্মসূচিতে অংশ নেন আতিকুর রহমান শাহজাহান, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, হালিম হোসেন, রাজু আহমেদ, কেএইচ মুনতাসীর, আসাদুজ্জামান পল্লব, সাদিকুর রহমান খান রাসেল, অপু হাসান, আনিসুজ্জামান আনিস, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি