ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলায় অবস্থিত ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা অফিস কক্ষের দুটি তালা ও কয়েকটি স্টিলের আলমারি ভেঙে দুটি ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। ঘটনার সময় স্কুলে কোনো নৈশপ্রহরী ছিল না।
বিদ্যালয়ের দপ্তরি আয়নুল হক জানান, আমি দিনের বেলা পিয়নের দায়িত্ব পালন করি। রাতে কয়েকবার স্কুলে গিয়ে দেখে আসি। গত রাতেও কয়েকবার গিয়েছিলাম, তখন কিছু অস্বাভাবিক পাইনি। আমি চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, স্কুল প্রতিষ্ঠার পর এই প্রথম চুরির ঘটনা ঘটল। অফিস কক্ষের দুটি তালা ভেঙে চোরেরা ভিতরে ঢোকে। তারা কয়েকটি আলমারি ভেঙে ড্রয়ার তছনছ করে এবং দুটি ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। আমরা এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই আনিসুর রহমান আনিস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে নৈশপ্রহরী না থাকার সুযোগে চোরেরা অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। আলমারি ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে গেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।