কঙ্গোতে আইএস-সমর্থিত বিদ্রোহীদের হামলায় ৫২ বেসামরিক নাগরিক নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) আইএসআইএল-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) হামলায় চলতি মাসে কমপক্ষে ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও এ তথ্য জানিয়েছে। খবর—আল জাজিরা।

মিশনের পক্ষ থেকে সোমবার (১৮ আগস্ট) জানানো হয়, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে উত্তর কিভু প্রদেশের বেনি ও লুবেরো এলাকায় এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, হামলার সময় বিদ্রোহীরা বেসামরিক মানুষ হত্যা ছাড়াও অপহরণ, লুটপাট, বাড়িঘর, যানবাহন ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠী আরও অনিশ্চিত মানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

এমওএনইউএসসিও মুখপাত্র জানিয়েছেন, এই হামলার “কঠোর ভাষায় নিন্দা” জানানো হয়েছে।

কঙ্গোর আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলঙ্গো কিয়োন্ডোয়া মার্ক বলেন, কঙ্গো বাহিনীর কাছে সাম্প্রতিক পরাজয়ের পর প্রতিশোধ নিতে এডিএফ বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, লুবেরোর বাপেরে সেক্টরের প্রধান ম্যাকেয়ার সিভিকুনুলা জানান, হামলাকারীরা প্রথমে বাসিন্দাদের ঘুম থেকে জাগিয়ে একত্রিত করে, তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং পরে চাপাতি ও খোঁচা দিয়ে গণহত্যা চালায়।

যদিও সাম্প্রতিক মাসগুলোতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, কর্তৃপক্ষ বলছে, গত মাসে ইতুরি প্রদেশের কোমান্ডা শহরেও এডিএফ প্রায় ৪০ জনকে হত্যা করেছিল।

এদিকে, ডিআর কঙ্গো সরকার ও এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ১৮ আগস্টের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি হওয়ার কথা থাকলেও সোমবার (১৮ আগস্ট) কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে, এ কারণে দেশটির পূর্বাঞ্চলে নতুন করে সহিংসতা বাড়ছে।