ফেনীর ছাগলনাইয়াতে সড়কের মাঝে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই সংস্কার করা হয়েছে সড়ক। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তুলাতুলি বাজারের প্রধান সড়ক সম্প্রসারণ করলেও সড়ানো হয়নি বৈদ্যুতিক খুঁটি।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘সড়ক প্রশস্ত করার সময় যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা হতো, তাহলে খুঁটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যেত। আমাদের কেউ অবহিত করেনি। তবে এই সমস্যার দ্রুত সমাধানে আমরা পদক্ষেপ নিচ্ছি।’
স্থানীয় বাসিন্দা আতিক চৌধুরী বলেন, ‘যখন সড়কটা সরু ছিল, তখন খুঁটিগুলো সড়কের বাইরে ছিল। এখন সড়ক বড় হলেও খুঁটিগুলো সরানো হয়নি। জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ায় সড়ক প্রশস্ত করা জরুরি হয়ে পড়ে। কিন্তু বিদ্যুতের খুঁটি সরানো হয়নি বলেই এখন প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হয়।’
এলাকাবাসী জানান, সড়ক প্রশস্ত হলেও খুঁটিগুলো না সরানোয় প্রতিদিনই যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ইতোমধ্যে একাধিকবার যানবাহন ও বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন পথচারী ও চালকরা।