গোবিপ্রবিতে র‍্যাগিং প্রতিরোধে প্রশাসনের কড়া অবস্থান

দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) তেও র‍্যাগিং নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় র‍্যাগিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে গোবিপ্রবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব জানান, র‍্যাগিং বন্ধে আমাদের একটি বিশেষ কমিটি রয়েছে। অচিরেই এ কমিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। পাশাপাশি, ইউজিসির নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলা ও মাদকবিরোধী সেমিনারে র‍্যাগিং বিরোধী বার্তা অন্তর্ভুক্ত করা হবে।

প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কাউন্সেলিং পরিচালনা করা হচ্ছে। সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, “র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ। কোনো শিক্ষার্থী যদি এর সঙ্গে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। এর মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরও বার্তা দেওয়া হবে যে, গোবিপ্রবিতে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, র‍্যাগিংয়ের শিকার কেউ আমাদের কাছে যথাযথ প্রমাণসহ অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হচ্ছে যাতে কেউ ভয় বা লজ্জায় মুখ না বন্ধ রাখে।