যৌক্তিক কারণেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল -আলম। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘জমি অধিগ্রহণসহ আরও নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের পিডব্লিউডির রেট সিডিউলের পরিবর্তে ২০২২ সালের রেট সিডিউল অনুসরণ করা প্রকল্পের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির প্রকল্পে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে ২০১৯ সালে। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুনের মধ্যে ১৩১টি মিনি স্টেডিয়াম নির্মাণ হয়েছিল, যার মোট ব্যয় ছিল ৬৬ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা, প্রতিটির গড় ব্যয় ছিল প্রায় ৫২ লাখ টাকা।
দ্বিতীয় পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি ২০২১ সালের জুলাই মাসে অনুমোদিত হয়েছিল, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬৪৯ কোটি টাকা। শুরুতে ১৮৬টি উপজেলায় স্টেডিয়াম বানানোর জন্য প্রকল্প অনুমোদিত হলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২০১টি উপজেলার জন্য ২ হাজার ৬৭৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরার প্রস্তাব করা হয়েছিল।
এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৬ এর জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর নতুন করে ২ হাজার ৮৫৬ কোটি টাকা সংশোধিত ব্যয়সহ মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছে।