প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০    

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামে থেমে থেমে এই সংঘর্ষ চলতে থাকে।

এর আগে ১৬ আগস্ট খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একে অপরকে আওয়ামী লীগের লোকজন নিয়ে বলয় ভারী করার অভিযোগ তোলেন তারা। পরে বেলায়েতের অনুসারী কাকাইলমোড়ার ইদ্রিস আলীর নেতৃত্বে জাকারিয়ার পক্ষের লোকজনকে মারধর করা হয়। 

এ নিয়ে মঙ্গলবার সকালে ইউনিয়ন বেলায়েত হোসেনের অনুসারী ইদ্রিস আলী এবং জাকারিয়ার লোকজন দা,ছুরি, টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে টেটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।  

araihazar photo 1

এদের মধ্যে টেটাবিদ্ধ মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

সংঘর্ষের সময় কাকাইলমোড়া গ্রামের ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন, আবেদ আলীর বাড়িসহ বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। প্রথমে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক জাকারিয়া বলেন, ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক। সে স্থানীয় সেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর হোসেনসহ তার দল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে কোন সময়ই বিএনপি করে নাই। 

ইদ্রিস আলী জানান, জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আওয়ামীলীগের ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দশটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। 

এলাকাবাসী জানান, খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইল মোড়া গ্রামের দীর্ঘ দিন ধরে গ্রামবাসী মামলা মোকাদ্দমা, গ্রাম্য-দলাদলি এবং আধিপত্য নিয়ে দ্বন্ধ চলে আসছিল। সেই দ্বন্ধকে কেন্দ্র করেই সংঘর্ষের সুত্রপাত হয়। বর্তমানে ২ গ্রামের মধ্যে ১৫/২০টি মামলা চলমান রয়েছে।   

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, 'এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।' সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।