জামালপুরে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আবু সাইদ (৩৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ। গ্রেপ্তার আবু সাইদ চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, 'আবু সাইদকে গ্রেপ্তারের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তার বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' 

উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) রাতে ৩৩ পিস ইয়াবাসহ নাছির চিকু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন এবং আটককৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।