উচ্চমূল্যের মসলা এলাচ চাষের সম্ভাবনা

উচ্চমূল্যের সুগন্ধিযুক্ত মসলা এলাচ এখন আমাদের দেশে উত্পাদিত হচ্ছে। দেশে বেশ কয়েকজন সৌখিন কৃষক শখের বশে বাড়ির আঙ্গিনায় এলাচ চাষ করে বেশ সফল হয়েছেন। এসব চাষির মধ্যে যশোরের বেনাপোল এলাকার শাহজাহান আলী অন্যতম একজন। তিনি ২০১২ সালের দিকে বাড়ির আঙ্গিনায় এলাচির বাগান গড়ে তুলেন। তার বাগানে সফলভাবে এলাচ উত্পন্ন করেন। তিনি জানান, আমাদের দেশের মাটি এলাচ চাষের জন্য খুবই উপযোগী। একটু কাদাযুক্ত মাটিতে এলাচের ভালো চাষ হয়। রৌদ্র এবং ছায়াযুক্ত স্থানে এলাচের বাগান গড়ে তুললে ভালো ফলন পাওয়া যায়।

এলাচ চাষে বাড়তি কোনো শ্রম দিতে হয় না। মাঝে মধ্যে নিড়ানি এবং সেচ দিলে চলে। বাড়তি সারের প্রয়োজন পড়ে না। টিএসপি এবং পটাশিয়াম সার মাঝে মধ্যে প্রয়োগ করলে চলে। প্রতিটি চারা চার হাত অন্তর অন্তর রোপণ করতে হয়। আমাদের দেশে উত্পাদিত এলাচের মান বেশ ভালো এবং সুগন্ধ অনেক বেশি। আমাদের দেশে উত্পাদিত এলাচ প্রক্রিয়াজাতকরণ করতে না পারায় বিদেশ থেকে আমদানিকৃত এলাচের সঙ্গে দেশি এলাচ প্রতিযোগিতায় টিকতে পারছে না। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশে এলাচের উত্পাদন দেখে বুঝা যাচ্ছে আমাদের দেশের মাটি এবং জলবায়ু এলাচ চাষের জন্য খুবই উপযোগী। বর্তমানে ভারত, চীন, ভুটান, জাপানে এলাচ চাষ হচ্ছে।