নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকিতে খেলতে না যাওয়ার কারণে পাকিস্তানের বদলে বাংলাদেশ সুযোগ পেয়েছে। ফিকশ্চার ঘোষণার আগেই ওমান এশিয়া কাপ থেকে সরে যায়। ওমানের বদলে কাজাকিস্তান। এশিয়া কাপের বাছাইয়ে বাংলাদেশকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছিল ওমান। সেই ওমান শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করায় অবাক হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আর কোনো দল যদি নাম প্রত্যাহার করে তাহলেও নাকি স্ট্যান্ডবাই দল প্রস্তুত রয়েছে বলে জানতে পেরেছে হকি ফেডারেশন।
প্রথমবারের মতো এশিয়া কাপের বাছাইয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এখন সেই এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়ে হকি ফেডারেশন তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গতকাল ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। অধিনায়ক রেজাউল করিম বাবু এবং সহ-অধিনায়ক আশরাফুলের নাম ঘোষণা করা হয়েছে।
ভারতে যাওয়ার বিমান টিকিট নিশ্চিত করেছে। খেলা হবে বিহারে রাজগীরে, সেখানে হোটেল বুকিং দিয়েছে। এখন ভিসার জন্য আবেদন করবে বাংলাদেশ। সবকিছু যখন ঠিকঠাক তখনই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্নেল রিয়াজুল হাসানের (অবঃ) মেজাজটা বিগড়ে দিয়েছেন স্ট্যান্ডবাই তালিকার খেলোয়াড় আবেদ উদ্দিন।
গতকাল ফেডারেশনের কাছে প্রকাশ করেছেন তার পরীক্ষা। তিনি যেতে পারবেন না। কথাটা আগেই বলতে পারতেন আবেদ। যখন শুনলেন তিনি ১৮ জনে নেই, তখনই পরীক্ষার কথা প্রকাশ করলেন। আগে জানালে অন্য কোনো খেলোয়াড়কে তালিকায় রাখা যেত। হকি ফেডারেশন এবারই প্রথম স্ট্যান্ডবাই তালিকার খেলোয়াড়দের দলের সঙ্গে নিয়ে যাচ্ছে, যেন তারা প্রয়োজনে দলের হয়ে নামতে পারেন। প্রয়োজন না হলেও যেন খেলা দেখতে পারেন। ফেডারেশনের অর্থ সংকটের মধ্যেও স্ট্যান্ডবাই দুই খেলোয়াড়কে দলের সঙ্গে পাঠাচ্ছেন সাধারণ সম্পাদক।
এশিয়া কাপের মঞ্চ হতে বিশ্বকাপের বাছাইয়ে খেলার পরিকল্পনা করছে আশরাফুল, আমিরুল ইসলাম, সবুজ, রোমান সরকার, সিটুল, রাকিবুলরা। বাংলাদেশ পরিকল্পনা করছে যদি এশিয়া কাপে ৫ম স্থান পায় তাহলে বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পাবে। আর যদি যষ্ঠ স্থান পায় তাহলে পাকিস্তানের বিপক্ষে বেস্ট অব থ্রি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখানে যদি পাকিস্তানকে হারিয়ে টপে থাকতে পারে তাহলে বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করলেও আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে তারা আরেকটি সুযোগ পাবে, এশিয়া কাপের ৬ নম্বর হওয়া দলটির সঙ্গে বেস্ট অব থ্রি খেলবে। বাংলাদেশ চিন্তা করছে ৫ম হতে হবে। ৬ নম্বর হলে পাকিস্তানকে পাবে।
বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম বাবু গতকাল বিকালে অনুশীলনের পর জানিয়েছেন তাদের গ্রুপে টপ ফেভারিট জাপান ও ভারত নেই। তাই বাবুর মতে নিজেদের গ্রুপটা তুলনামূলকভাবে ভালো। বাবু বলেন, 'গ্রুপে থার্ড হতে পারলে আমরা পঞ্চম স্থানের জন্য খেলবো। আর যদি ৬ নম্বরও হই তবুও আমরা বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পাবো।'
বাবু বলেন, 'এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়ায় লাভ হয়েছে। চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। এর বাইরে এবারই প্রথম পাঁচ দেশ বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাচ্ছে।'
ক্লাব হকিতে আবাহনীর জার্সি গায়ে খেলেন রেজাউল করিম বাবু। ২০২২ সালে থাইল্যান্ডে এএইচএফ কাপ হকিতে অধিনায়ক ছিলেন, দুই বছর পর আবার জাতীয় দলের অধিনায়ক হওয়ায় দায়িত্বটা বেড়ে গিয়েছে বললেন রক্ষণভাগের এই খেলোয়াড়। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্নেল রিয়াজুল হাসান (অবঃ) জানিয়েছেন খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্প করেছে। সবার বিপ টেস্ট হয়েছে। এশিয়া কাপে খেলার সুযোগ যদি এসে যায়, সেই আশায় ক্যাম্প শুরু করা হয়েছিল। ভাগ্য ভালো এশিয়া কাপে যাওয়ার সুযোগ হয়েছে। অল্প দিনের প্রস্তুতিতে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ।'
হকি দল আজ সেনাবাহিনীর সঙ্গে ম্যাচ খেলবে। ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-২১ বিশ্বকাপগামী দলের বিপক্ষে ৪টা প্রস্তুতি ম্যাচ খেলেছে। অধিনায়ক বাবু জানিয়েছেন ৯ দিন হয়েছে অনুশীলন হচ্ছে। তিনি বলেন, 'ভারতে গিয়ে জাপান কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আয়োজনের চেষ্টা করছে।'
বাংলাদেশে গ্রুপে শক্তিশালী মালয়েশিয়া অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিয়ে গতকালই দেশে ফিরেছে। ২৬ আগস্ট বাংলাদেশ হকি দল ঢাকা ছাড়বে। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপের আসর। ২৯ আগস্ট সকালে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, ৩০ আগস্ট চাইনিজ তাইপে ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা।
বাংলাদেশ স্কোয়াড—
গোলরক্ষক: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।
ডিফেন্ডার: রেজাউল করিম বাবু (অধিনায়ক), আশরাফুল ইসলাম (সহ-অধিনায়ক), ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান।
মিডফিল্ড: রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তৈয়ব আলী, তানভীর হোসেন সিয়াম।
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, আরশাদ হোসেন, আব্দুল্লাহ।
স্ট্যান্ডবাই: আবেদ উদ্দিন ও শাহিদুল রহমান সাজু।