ধামরাইয়ে জাবি পরিসংখ্যান অ্যালামনাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন, যাতে তারা নিজ আঙিনায় রোপণ করে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জ্ঞান ও নৈতিকতার আলোয় বড় হতে হবে। পরিশ্রম আর সততাই ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আজকের আয়োজন তোমাদের জন্য নতুন প্রেরণার দ্বার উন্মোচন করল।’

জাবি পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ বলেন, ‘আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে। জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান বলেন, ‘যেমন একটি গাছ বড় হয়ে ছায়া দেয় ও মানুষের উপকারে আসে, তেমনি তোমরাও বড় হয়ে সমাজ ও দেশের সেবা করবে। গাছের অসংখ্য উপকারের মতোই প্রত্যেকেরই গাছ লাগানো উচিত এবং একদিন তোমরাও মানুষের জন্য উপকারী হবে।’

এলাকার প্রতিনিধি মো. ওয়াহিদুজ্জামান ছয়বাড়িয়া গ্রামের প্রধান রাস্তার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গাছটিকে আমানতের মতো লালন করতে হবে। আজকের অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ উদ্দিন এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (গণমাধ্যম ও জনসংযোগ) ও আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন জাবির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. আব্দুস সালাম, আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাহাবুব আলম রাসেল, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি শফিকুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্য ও জাবি পরিসংখ্যান ছাত্র সংসদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্থানীয়রা ইউএনও মামনুন আহমেদ অনীককে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত অবহেলিত ছয়বাড়িয়া জাগরণী সংঘের অবস্থা জানান। ইউএনও বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দেন।

কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষকরা। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিল সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।