ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের একটি এলাকায় বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করেছে, প্রকল্পটি ফিলিস্তিন রাষ্ট্র কার্যকর করার ক্ষেত্রে হুমকিস্বরূপ হবে।
তীব্র আন্তর্জাতিক বিরোধিতার কারণে বছরের পর বছর ধরে স্থগিত থাকা জেরুজালেমের পূর্বে 'ই১' নামে পরিচিত প্রকল্পটি বুধবার (২০ আগস্ট) অনুমোদন দেওয়া হয়।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি কার্যকরভাবে পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ সৃষ্টি করবে।
গত সপ্তাহে ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদুমিমের মধ্যে অবস্থিত অতি-সংবেদনশীল জমিতে প্রায় ৩ হাজার ৪০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনাকে সমর্থন করেন।
১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সমস্ত বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) সর্বশেষ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। এটি ফিলিস্তিনের ভৌগোলিক ও জনসংখ্যাগত ঐক্যকে ভেঙে দেবে।
এতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে পশ্চিম তীরকে বিচ্ছিন্ন এলাকা এবং ক্যান্টনে বিভক্ত করা হবে, যা পরস্পর থেকে বিচ্ছিন্ন। এটি ফিলিস্তিনিদের জন্য প্রকৃতপক্ষে কারাগার হয়ে উঠবে।