গভীর রাতে অভিযান চালিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রীকে গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের জন্য ইন্দোনেশিয়ার উপ-জনশক্তিমন্ত্রী ইমানুয়েল এবেনেজারকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (কেপিকে)। বুধবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের ডেপুটি চেয়ারম্যান ফিতরোহ রোহচাহিয়ান্তো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি রয়টার্সকে জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি অন্য কোনো বিবরণ দেননি।

৫০ বছর বয়সী নোয়েল প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রশাসনের অধীনে ২০২৪ সালের অক্টোবর থেকে জনশক্তি মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গেরিন্দ্রা পার্টির একজন রাজনীতিবিদ।

জনশক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। উপমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। রয়টার্স তাৎক্ষণিকভাবে ইমানুয়েলের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

প্রসঙ্গত, গত বছর বিশ্বব্যাপী দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ইন্দোনেশিয়া ১৮০টি দেশের মধ্যে ৯৯তম স্থানে ছিল।