সিনেমা ফ্লপ হতেই বন্ধুত্বে চিড় ধরলো হৃতিক-এনটিআরের!

বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে যে উন্মাদনার জোয়ার তৈরি হয়েছিল, মুক্তির পর বক্স অফিসের বিশ্লেষণে অনেকটা হতাশার দৃশ্যই চোখে পড়ছে। বলিউড হার্টথ্রব হৃতিক রোশন আর দক্ষিণের টাইগার জুনিয়র এনটিআরের যুগলবন্দি, দৃষ্টিনন্দন ভিএফএক্স এবং অ্যাকশন স্টান্ট সত্ত্বেও বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০০ কোটির বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিনেই ৫২ কোটি টাকার দারুণ ওপেনিং করলেও, দিন দিন তার আয় কমতে শুরু করে। মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটির আয় একক অঙ্কে নেমে এসেছে, কমেছে প্রায় ৭৬%। এখন অনেকেই মনে করছেন, ‘ওয়ার ২’ শেষমেশ ফ্লপের তকমা পেতে চলেছে।

ছবির অপ্রত্যাশিত এই ব্যর্থতা কি দুই তারকার বন্ধুত্বেও চিড় ধরালো? ‘ওয়ার ২’ সিনেমার দুই হেভিওয়েট তারকা হৃতিক এবং জুনিয়র এনটিআর ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। নেটিজেনদের একাংশ সম্প্রতি সেটাই আবিষ্কার করেছেন। 

দুই অভিনেতার মধ্যে আদৌ কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা যদিও জানার উপায় নেই। তবে হৃতিক এখনও ‘ওয়ার ২’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং সহ-অভিনেত্রী কিয়ারা আদভানিকে ফলো করছেন। 

শুধু তাই নয়, অতীতে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখনও রয়েছেন তার ‘ফলোয়িং’ তালিকায়। মজার বিষয় হল, হৃতিকের বাবা রাকেশ রোশন এখনও ইনস্টাগ্রামে জুনিয়র এনটিআরকে অনুসরণ করছেন।

‘ওয়ার ২’ সিনেমার দৃশ্যে জুনিয়র এনটিআর ও হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

অয়ন পরিচালিত ‘ওয়ার ২’ ৪০০ কোটির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। প্রথম দিনেই ৫২ কোটি টাকার ভালো ওপেনিং সত্ত্বেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি। অনেকে মনে করছেন, সেই কারণেই সম্পর্কের তাল কেটেছে দুই নায়কের।

‘ওয়ার ২’ ঘোষণার পর থেকে হৃতিক এবং জুনিয়র এনটিআরের বন্ধুত্ব ছিল দেখার মতো। সুযোগ পেলেই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেন তারা। 

একটি বিবৃতিতে দক্ষিণী অভিনেতা লিখেছিলেন, ‘মনে হয়, আমার এবং হৃতিক রোশন গারুর (তেলুগুভাষীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে গারু সম্বোধন করেন) ক্যারিয়ার একই সময়ে শুরু হয়েছিল। অনেক আগে যখন আমি ‘কাহো না প্যার হ্যায়’ দেখেছিলাম, তখন প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। আমার যাত্রা শুরু হয়েছিল তার প্রশংসা করে। এত বছর পর আমি তার সঙ্গে অভিনয় এবং নাচ করার সুযোগ পেয়েছি।’

এদিকে শুরুটা আশাব্যঞ্জক হলেও ‘ওয়ার ২’-র আয় পঞ্চম দিনে একক অঙ্কে নেমে এসেছে। জানা গেছে, ছবিটির আয়ের হার ৭৬% হ্রাস পেয়েছে। সে হিসেবে সিনেমাটি ফ্লপের তকমাও পেতে পারে।